ডেমি এআই: বলার আগেই কাজ সেরে ফেলবে এই নতুন এআই অ্যাসিস্ট্যান্ট?
সিকোয়ার ক্যাপিটাল ইন্ডিয়ার প্রাক্তন ইনভেস্টর সুধাংশু মিশ্র আমেরিকায় শুরু করলেন নতুন এআই স্টার্টআপ। নাম ডেমি এআই। এটি একটি এজেন্টিক এআই, অর্থাৎ এমন এআই, যে শুধু প্রশ্নের উত্তর দেয় না, নিজে থেকে কাজও এগিয়ে রাখে।
চটজলদি জেনে নিন
- ইনভাইট-অনলি বিটা এনেছে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ডেমি।
- বলার আগেই কাজ ধরে ফেলে, তৈরি রাখে ফলো-আপ।
- মাসে ২৫ ডলার থেকে শুরু ব্যক্তিগত পেইড প্ল্যান।
- ২০৩০ সালে এজেন্টিক এআই বাজার ছুঁতে পারে ২৪.৫ বিলিয়ন ডলার।

কী বলছেন সুধাংশু মিশ্র?
আজ সোশ্যাল মিডিয়ায় ইনভাইট-অনলি বিটা ঘোষণা করেন মিশ্র। ম্যাকে চলা এই এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর কাজের ধরন শিখে নেবে, আর বলার আগেই কাজ করে রাখবে। তাঁর মতে, এআই টুল কাজের উপযোগী করতে এখন ব্যবহারকারীকে অনেক খাটতে হয়। ওয়ার্কফ্লো সাজানো, প্রসঙ্গ বোঝানো, কোন কাজ এআইকে দেওয়া যায় তা ঠিক করা। ডেমি এআই সেই ঝামেলাই কমাতে চায়।
ডেমি এআই কীভাবে কাজ করে?
মিটিং, কানেক্টেড অ্যাপ এবং কম্পিউটারের স্ক্রিন থেকে এটি বুঝে নেয় আপনি কী নিয়ে কাজ করছেন। তারপর কথা দেওয়া কাজ, ডেডলাইন আর বারবার করা কাজের হিসাব রাখে।
ধরুন, মিটিংয়ে আপনি একটি ডকুমেন্ট পাঠানোর কথা দিলেন। ডেমি সেটি ধরে ফেলবে, দরকারি তথ্য খুঁজে ফলো-আপ ইমেইলের খসড়াও তৈরি রাখবে।
এ ছাড়া সে যা যা করতে পারে:
- ইমেইলের উত্তরের খসড়া লেখা
- মিটিংয়ের ব্রিফ তৈরি ও নোট রাখা
- গ্রাহক-তথ্যের সিস্টেম (CRM) আপডেট করা
- গ্রাহকদের ফলো-আপ ট্র্যাক করা
কাজগুলো হয় ক্লাউডভিত্তিক কম্পিউটারে, নয়তো ম্যাকের ব্রাউজারে। আলাদা করে ওয়ার্কফ্লো বানাতে হয় না। তবে বার্তা, প্রতিশ্রুতি বা গুরুত্বপূর্ণ রেকর্ড বদলের আগে ব্যবহারকারীর অনুমোদন লাগে।
কারা আছেন পেছনে?
সহ-প্রতিষ্ঠাতা মিশ্রের কলেজের রুমমেট লোগান ফোর্ড। স্টার্টআপটি তৈরি হয় ২০২৫ সালের জুনে, এখন কর্মী প্রায় ১০ জন। সিকোয়ারে মিশ্র আর্লি-স্টেজ বিনিয়োগ দেখতেন এবং ক্রিপ্টো-সংক্রান্ত উদ্যোগে নেতৃত্ব দিতেন। পরে তিনি ক্রিপ্টো-কেন্দ্রিক বিনিয়োগ সংস্থা প্যারাডাইমে ইনভেস্টমেন্ট পার্টনার হন।
দাম কত?
ওয়েবসাইট অনুযায়ী ব্যক্তিগত পেইড প্ল্যান শুরু মাসে ২৫ ডলার থেকে। টিমের জন্য দাম আলাদা করে ঠিক হবে।
বাড়ছে এজেন্টিক এআই-এর বাজার
গ্র্যান্ড ভিউ রিসার্চের হিসাবে, এন্টারপ্রাইজ এজেন্টিক এআই-এর বিশ্ববাজার ২০৩০ সালের মধ্যে ২৪.৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, বার্ষিক বৃদ্ধি ৪৬.২%। সেপ্টেম্বরে ক্রেডের প্রাক্তন কর্তাদের স্টার্টআপ সল ফাউন্ড্রি জেনারেল ক্যাটালিস্ট, নেক্সাস ভেঞ্চার পার্টনার্সসহ অন্যদের কাছ থেকে ৪ মিলিয়ন ডলার তুলেছে। ইমেইলে দেওয়া প্রতিশ্রুতি ধরে কাজ করা এআই অ্যাসিস্ট্যান্ট বানানোই তাদের লক্ষ্য। ডেমি এআই এই দৌড়েই নতুন সংযোজন।











