এআই ও কৃষি ক্ষেত্রে ভবিষ্যৎ ক্যারিয়ার: সচেতনতামূলক কর্মসূচির আয়োজন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ে
কৃষি বললেই কি এখনও শুধু মাঠ, কাস্তে আর কোদালের ছবি চোখে ভেসে ওঠে? বর্তমান যুগে কিন্তু ধারণাটা বেশ বদলে যাচ্ছে। চাষবাসের জগতে এখন নাম লেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। নাগাল্যান্ড ট্রিব্রিউন-এ প্রকাশিত খবর অনুযায়ী, কৃষিশিক্ষার শিক্ষার্থীদের এই নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এক বিশেষ উদ্যোগ নিল নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের মেডজিফেমা ক্যাম্পাসের স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্সেস (SAS)-এ ২২ আগস্ট “কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কৃষি ক্ষেত্রে ভবিষ্যৎ ক্যারিয়ার“ (Artificial Intelligence and the Future of Agricultural Careers) শীর্ষক একটি একদিনের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইসিএআর (ICAR) ট্রাইবাল সাব প্ল্যানের আওতায় আয়োজিত এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কোঅর্ডিনেটর অধ্যাপক আকালি সেমা, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মেরি এন ওডিইউও এবং কো–পিআই ড. দেবীকা নংমাইথেম ও ড. সেনতিরেনলা। টেকনিক্যাল সহায়তায় ছিল ডামাসো ডিজিটাল সলিউশনস প্রাইভেট লিমিটেড।
কৃষিতে শুধু সফটওয়্যার নয়, এআই এখন বাস্তব হাতিয়ার
কর্মশালায় মূল বক্তব্যই ছিল, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কম্পিউটার সায়েন্সে আটকে নেই। মাটির স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ফসলের রোগ নির্ণয়, ড্রোন দিয়ে খেতের নজরদারি, সেচ ব্যবস্থা পরিচালনা এবং বাজারের দরদামের পূর্বাভাস—সবকিছুতেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা নিচ্ছে।
শিক্ষার্থীদের বেশ কিছু নতুন কনসেপ্ট সহজ ভাষায় শেখানো হয়, যেমন:
- মেশিন লার্নিং ও জেনারেটিভ এআই: উপাত্ত বিশ্লেষণ করে নতুন তথ্য ও সিদ্ধান্ত তৈরিতে সাহায্য করে।
- কম্পিউটার ভিশন: ছবির মাধ্যমে ফসলের স্বাস্থ্য বা পোকার আক্রমণ শনাক্ত করে।
- প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ও এজেন্টিক এআই: আবহাওয়া ও বাজারের ওপর ভিত্তি করে ফলনের আগাম হিসাব দেয়।
তরুণ প্রজন্মের জন্য খুলে যাচ্ছে নতুন কাজের সুযোগ
কৃষি ও প্রযুক্তির এই মেলবন্ধনে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসছে দুর্দান্ত সব ক্যারিয়ার। কর্মশালায় বেশ কয়েকটি নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়:
- প্রিসিশন এগ্রিকালচার ও এগ্রি–ডাটা অ্যানালিসিস
- ড্রোন ও ফিল্ড ম্যাপিং এবং রিমোট সেন্সিং (GIS)
- এগ্রিটেক প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ডিজিটাল অ্যাডভাইজরি
- আঞ্চলিক ভাষায় কৃষকদের তথ্য অনুবাদ করার জন্য টেকনোলজি কনসালটেন্সি
এআই–নির্ভর নয়, হতে হবে “এআই–রেডি“
উদ্যোক্তারা মনে করিয়ে দেন, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বুদ্ধি ও বিচারশক্তির বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা যে তথ্য দিচ্ছে, তাকে বিচার করার মতো ক্রিটিক্যাল থিংকিং, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখা প্রয়োজন।
কর্মশালায় শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ দলগত অ্যাক্টিভিটি আয়োজন করা হয়, যেখানে তারা “২০৩৫ সালের আধুনিক খামার” কেমন হতে পারে, তা ড্রোন, রোবোটিক্স ও স্মার্ট ডাটা অ্যানালিটিক্সের সাহায্যে কল্পনা করে উপস্থাপন করে।
সামগ্রিকভাবে অনুষ্ঠানটি বার্তা দেয়—প্রযুক্তির ওপর অন্ধভাবে নির্ভরশীল না হয়ে এআই–কে কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতা বা “এআই–রেডি” মানসিকতা অর্জন করাই আগামী দিনের আসল সাফল্য।
বিঃ দ্রঃ- উপরের নিউজটি নাগাল্যান্ড ট্রিব্রিউন-এ প্রকাশিত তথ্যের ভিত্তিতে লিখিত।











